বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনের মধ্য দিয়ে ওই দেশে কারাভোগ শেষে চার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মিয়ানমারের মংন্ডুতে বিজিবি-বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সম্মেলনে মিয়ানমারের বিজিপির ১ নম্বর কমান্ডিং কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান শরীফুল ইসলাম বলেন, সম্মেলনে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা ও মায়ানমার হতে অবৈধভাবে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের বিষয়ে আলোচনা হয়। মিয়ানমার হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ রোধের জন্য বিজিপিকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়। আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প, আস্তানা অপসারণের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। সীমান্তে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস স্থাপন এবং মিয়ানমারের কাঁটাতারের বেড়ায় বৈদ্যুতিক সংযোগ স্থাপনের বিষয়েও নিষেধ করা হয় বিজিপিকে।
অসতর্কতা ও ভুলবশত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের পর আটককৃত বাংলাদেশি নাগরিকদের দ্রুত ফেরত প্রদানের বিষয়টি উত্থাপন করা হয়। পরে মিয়ানমারে কারাভোগ শেষে স্বদেশে প্রত্যাবাসনের জন্য অপেক্ষমান চার বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করে বিজিপি। তাদেরকে বিজিবি দেশে ফিরিয়ে নিয়ে আসে।
