দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো আওয়ামী লীগ অষ্টগ্রাম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। এতে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্ছুকে সভাপতি ও শহীদুল ইসলাম জেমসকে আগামী তিন বছরের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনে আগের কমিটিকে ভোটাভুটি ছাড়াই পুনরায় বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) কিশোরগঞ্জের অষ্টগ্রাম হ্যালিপ্যাড মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হওয়ার পর একই মঞ্চে শুরু হয় দ্বিতীয় অধিবেশন।
ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্ছু।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন-কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. জিল্লুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের শ্রম ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ বি এম রিয়াজুল কবির কাউছার, মো. আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজাল।
সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস।
বক্তব্য রাখেন-অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজতাবা আরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ মাসুক নাজিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. বিপ্লব হায়দারী প্রমুখ।
সম্মেলন উপলক্ষে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাওরের অভূতপূর্ব উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করে এই উন্নয়নের জন্য মহামান্য রাষ্টপতি মো. আবদুল হামিদের অবদানের প্রশংসা করেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে নৌকা প্রতীকে ভোট চেয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের সচেতন থাকার আহ্বান জানান।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. জিল্লুর রহমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্ছুকে সভাপতি ও শহীদুল ইসলাম জেমসকে আগামী তিন বছরের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আব্দুল নইম মৃত্যুবরণ করলে জ্যৈষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্ছুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় এবং ২০০৫ সাল থেকে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে শহীদুল ইসলাম জেমস দায়িত্ব পালন আসছেন। সম্মেলনে আগের কমিটিকে ভোটাভুটি ছাড়াই পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।
