নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। লাইসেন্স হালনাগাদ না থাকাসহ নানা অনিয়মের জন্য ৮টি ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম এবং সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম, অ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা. তারিকুল ইসলাম, শিশু কনসালটেন্ট ডা. মনিরুল হক তরফদার, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রনব কুমার সাহা ও এমওডিসি ডা. তূর্য রহমান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, ‘স্বাস্থ্যসেবা সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার লাইফ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, নিয়ামতপুর ডায়াগনস্টিক সেন্টার, নূরেছা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, শমসের ডায়াগনস্টিক সেন্টার, রেহেনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।’
মনজুরুল আলম আরও বলেন, ‘সারাদেশে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও এসব অবৈধ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চালু রাখা হয়। তাই অভিযান চালিয়ে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা করা হয়।’
নিবন্ধন না থাকায় রেহেনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও নূরেছা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ।
