ধাক্কা লাগার পর ‘সরি’ না বলায় গরম তেল ঢেলে আইমান রাহাত (১০) নামে এক শিশুর হাত ঝলসে দিয়েছে হোটেলের বাবুর্চি। মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত রাহাত অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হোটেলটির বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
দগ্ধ রাহাতের খালু নাজমুল হাসান জানান, আহত শিশুর মা ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে রাতে খাবার খেতে ভৈরব হোটেলে যান। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের মুখে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে শিশুটির অসাবধানতাবশত ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শিশু রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেয় বাবুর্চি ইব্রাহিম বিশ্বাস। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। সঙ্গে থাকা খালা-খালু দ্রুত ইবনেসিনা সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলাম জানান, রাহাত নামের এক শিশুকে গরম তেল দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
