সাভারে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ে হাতে ভাইকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
জানা গেছে, বুধবার সকালে সাভারের আশুলিয়ার গণকবাড়ি এলাকায় লিচু বোঝাই একটি ট্রাক পুলিশ বহনকারী একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাদিম হোসেন নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হন। আহত হন অটো চালকসহ পুলিশের তিন সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত পুলিশ কনস্টেবল নওগাঁ জেলার সদর থানার উল্লাসপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। তিনি আশুলিয়া শিল্প পুলিশ-১ এ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া অন্য আহতরা হলেন- শিল্প পুলিশের নায়েক জাকারিয়া, কনস্টেবল কাউছার, কনস্টেবল আকিনুর এবং অটো চালক আউয়াল।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই বিজন কুমার দাস বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, মঙ্গলবার রাতে ভার্কুতা ইউনিয়নের শ্যামলাসী বাহেরচার গ্রামে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নজরুল ইসলাম (৩০) ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় বাঁধা দিতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সৎ ভাই মাসুদুল আলম রামদা দিয়ে ছোট ভাই নজরুল ইসলামকে উপুর্যপরি কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হলেন প্রেমিকা
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সৎ ভাই মাসুদুল আলমকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/অনি
