বাইশের আরও কাছে নাদাল

আপডেট : ০২ জুন ২০২২, ১৩:৩৬

ইনজুরির কারণে প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ ধরে কোর্টে নামেন। ফ্রেঞ্চ ওপেন শুরুর আগেও চোটের কারণে ভুগতে হয়েছে। তবু হার না মানসিকতা দিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন রাফায়েল নাদাল। সেই শক্ত মানসিকতার কাছে ফের কাবু হতে হলো চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচকেও। কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর তারকাকে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আরও কাছে চলে গেলেন এই স্প্যানিশ।

চার ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে নিজেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না নাদাল। চোখে মুখে রাজ্যের বিস্ময়। এমন উদ্যাপন দেখে যে কেউই ভাববে যেন গ্র্যান্ড স্ল্যামই জিতে ফেলেছেন তিনি। অবশ্য শিরোপার রাস্তাটা এখন সহজই বলা যায়। পরিস্হিতি যা বলছে তাতে ৩৫ বছর বয়সী নাদাল যদি ক্লে কোর্টে তার ১৪তম শিরোপাটা উঁচিয়ে না ধরেন, তাহলে সেটা অঘটনই হবে। সেমিফাইনালে আগামীকাল খেলবেন ফেভারিট কার্লোস আলকারাজকে হারানো আলেক্সান্ডার জভেরভের বিপক্ষে। সেদিন আবার নাদালের জন্মদিনও।

গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের নাদালকে ছোয়ার লক্ষ্যেই ফ্রেঞ্চ ওপেনে এসেছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ। করোনা টিকা না নেওয়ার কারণে বিতাড়িত হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। সেখানেই ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েন নাদাল। সেই নাদালই জোকোভিচের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালেন আরও একবার। অথচ গত আসরের সেমিফাইনালে হারের তিক্ত স্বাদ দিয়ে তাকে বিদায় করেছিলেন জোকোভিচ।

প্রিয় কোর্টে এবার কোয়ার্টার ফাইনালে এর প্রতিশোধ নিলেন নাদাল, ‘জোকোভিচের বিপক্ষে জয়ের পথ একটাই; শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সেরাটা খেলে যাওয়া। নিঃসন্দেহে আমার কাছে এটা একটা জাদুকরী রাত। কিন্তু এটা কোয়ার্টার ফাইনাল ছিল এবং সেমিফাইনাল এখনো বাকি আছে। দু’দিন পর আবার এই কোর্টেই ফিরতে হবে।’

প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে যদিও আবার হার মানেন। তবে চতুর্থ সেটের একটা পর্যায়ে এগিয়েছিলেন ৫-২ ব্যবধানে। তবে হাল ছেড়ে না দেওয়া নাদাল সেটটি শেষ পর্যন্ত টাইব্রেকারে নিয়ে বাজিমাত করেন।

অথচ দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরার কথাই ভেবেছিলেন জোকোভিচ, ‘নাদাল দেখিয়েছে কেন সে অসাধারণ চ্যাম্পিয়ন এবং কীভাবে মানসিকভাবে শক্ত থাকতে হয়। নিঃসন্দেহে এই জয় তার প্রাপ্য। দ্বিতীয় সেটে মোমেন্টাম ফিরে পাওয়ায় আমি ভেবেছিলাম ম্যাচে ফিরে এসেছি। কিন্তু নাদাল তার খেলাটাকে অন্য লেভেলে নিয়ে গেছেন।’

ইত্তেফাক/টিএ