বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন খেলোয়াড় মাসুম ট্রাকচাপায় নিহত

আপডেট : ০২ জুন ২০২২, ১৮:১৮

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মাসুম মিয়া নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুরামিঠি পুর তেল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

মাসুম মিয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন খেলোয়াড় ছিলেন। সে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর এলাকার মাহফুজার রহমানের ছেলে।  

নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, মোটরসাইকেলে বেকারিতে যাচ্ছিলেন মাসুম মিয়া। পথিমধ্যে মিঠিপুর তেল পাম্পের সামনে পৌঁছালে পীরগঞ্জের দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘গুরুতর আহত অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় ফুটবলার মাসুম মিয়াকে। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ইত্তেফাক/এএএম