এলপিজির দাম কমলো

আপডেট : ০২ জুন ২০২২, ১৮:২১

দেশে ভোক্তা পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে ৭ টাকা ২৩ পয়সা কমানো হয়েছে। সেই হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমেছে। একইভাবে অটোগ্যাসের দামও কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন  (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এতে ১ হাজার ৩৩৫ টাকা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো ১ হাজার ২৪২ টাকায়।

বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সেই অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য এক হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার রাতে সৌদি আরামকো কোম্পানি তাদের দাম ঘোষণা করেছে। আমরা রাতে সদস্যরা বসে দাম সমন্বয় করেছি।

 

ইত্তেফাক/ইউবি