নারায়ণগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০২ জুন ২০২২, ১৯:০৪

বিপুল পরিমাণ বকেয়া বিল পরিশোধ না করাসহ অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে নারায়ণগঞ্জে আবাসন প্রতিষ্ঠান রূপায়ন টাউনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২ জুন) সদর উপজেলার ফতুল্লা থানার ভুইগড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় বৈধ-অবৈধ সাড়ে আটশ' সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

ভুইগড় এলাকায় রূপায়ন টাউনে ২৮টি ভবনে বৈধ ২৫২ গ্রাহকের ৫৩ লাখ টাকা গ্যাস বিল বকেয়া থাকায় গত বছরের অক্টোবর মাসে গ্যাস সংযোগটি কেটে দেয় তিতাস কর্তৃপক্ষ। পরবর্তীতে রূপায়ন কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ না করে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছে বলে তিতাসের অভিযোগ। যে কারণে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এম ইশমাম এর নেতৃত্বে ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল সংযোগ কেটে দিয়ে বৈধ আড়াইশ ও অবৈধ ছয়শ' মিলিয়ে মোট সাড়ে আটশ' আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রূপায়ন কর্তৃপক্ষ স্বল্প সংখ্যক বৈধ সংযোগের আড়ালে ছয় থেকে ৭শ অবৈধ সংযোগ ব্যবহার করেছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। তাই মূল সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

তবে ফ্ল্যাট বাসিন্দাদের দাবি, প্রতি মাসে রূপায়ন টাউন কর্তৃপক্ষকে তারা নিয়মিত বিল দিয়ে আসছেন। তবে রূপায়ন তিতাসের বিল। পরিশোধ না করে তাদের টাকা আত্মসাৎ করেছে। এখন তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে গ্যাস সংযোগ কেটে দেয়ায় বিপাকে পড়েছেন তারা। এ ঘটনায় রূপায়ন কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। 

এ ব্যাপারে তিতাসের নারায়ণগঞ্জ জোনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সাইদুল হাসান বলেন, রূপায়ন টাউন স্বল্প সংখ্যক বৈধ সংযোগের পাশাপাশি চুক্তি ভঙ্গ করে প্রায় ছয়শ' অবৈধ সংযোগ নিয়েছে। বৈধ বিলও তারা পরিশোধ করছে না। 

রূপায়ন টাউন কর্তৃপক্ষ জানিয়েছে, ফতুল্লার ভুইগড়ে রূপায়ন টাউনে ৭শ' ৮৪ ফ্ল্যাটে বিদেশি নাগরিকসহ প্রায় ৬ হাজার মানুষ বসবাস করছেন। 

ইত্তেফাক/এমএএম