নান্নু-হাবিবুলের মেয়াদ বাড়লো

আপডেট : ০৩ জুন ২০২২, ০৫:৩৮

গত বছর টি-২০ বিশ্বকাপে ভরাডুবির কারণে জাতীয় দলের নির্বাচক প্যানেল সমালোচনার তোপে পড়েছিল। বিশেষ করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিদায়ের দাবিতে সোচ্চার ছিল ক্রিকেটপ্রেমীরা। ভালো বিকল্প না পাওয়ায় নির্বাচক কমিটিতে পরিবর্তন আনেনি বিসিবি। প্রধান নির্বাচকের পদে বহাল রয়েছেন নান্নু।

গতকাল বোর্ড সভার মাধ্যমে এ পদে সাবেক এ অধিনায়কের অবস্হান আরো দীর্ঘায়িত হলো। একই নিয়তি নির্বাচক হাবিবুল বাশার সুমনেরও। দুজনেরই মেয়াদ বাড়িয়েছে বিসিবি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে তাদের। সঙ্গে দুজন নির্বাচক বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে গতকালকের বোর্ড সভায়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে এসব তথ্য জানিয়েছেন। নান্নু-হাবিবুলের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে গতকাল তিনি বলেছেন, ‘অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক।’

নতুন করে দুজন নির্বাচক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাপন বলেন, ‘আরো দুজন নির্বাচক বাড়ানো হবে। এখন যেটা হয়েছে, আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এত। সেজন্য আরো দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব।’

যুব দলের কোচ

স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। গতকাল বোর্ড সভায় হেড কোচ হিসেবে স্টুয়ার্ট ল এবং ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের নিয়োগের অনুমোদন দিয়েছেন বিসিবির পরিচালকরা।

অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল এর আগে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন। ২০১৬ সালে যুব দলের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এবার পাকাপাকিভাবে যুব দলের হেড কোচ হলেন তিনি। শ্রীলঙ্কান নাভিদ নেওয়াজের স্হলাভিষিক্ত হলেন তিনি। ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর আগেও বিসিবির চাকরি করেছেন। এবার ব্যাটিং কোচ হিসেবে যুব দল, এইচপিতে তাকে কাজে লাগাবে বিসিবি। গতকাল পাপন বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফে স্টুয়ার্ট ল এবং ওয়াসিম জাফর, দুজনকে আমরা নিয়েছি। স্টুয়ার্ট ল’কে হেড কোচ হিসেবে এবং ওয়াসিম জাফর হচ্ছে বিসিবির ব্যাটিং কোচ হিসেবে। বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারব।’

খরচ কমানোর উদ্যোগ বিসিবির

করোনাকাল অনেকটাই বিদায় নিয়েছে। সারা বিশ্বেই জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সার্বিক খরচ বেড়েছে সর্বত্র। দেশের ধনাঢ্য ক্রীড়া প্রতিষ্ঠান বিসিবিও সেটি অনুধাবন করেছে। তাই খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। জাতীয় দল এবং অন্য দলগুলোর বিদেশ সফরে প্রয়োজনের বাইরে কাউকে পাঠানো হবে না। গতকাল বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা।

বিসিবির বিভিন্ন বিভাগকেও তাদের বার্ষিক বাজেটে ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসেই এজিএম করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ইত্তেফাক/জেডএইচডি