অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠক বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ জুন ২০২২, ২১:০৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ইদানিং যে সমস্ত দলের সঙ্গে বৈঠক করছে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। এতে তারা সংবাদ পরিবেশন করছে মাত্র আর এর ফলে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বটাই প্রকাশ পাচ্ছে।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ আয়োজিত 'আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধনে' প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, 'বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব দেশে পণ্যের মূল্য নিয়ে কথা বলছেন। অপরদিকে সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ীদের ফোন করে পণ্য মজুদ করো, দাম বাড়াও, দেশে পণ্যের সঙ্কট সৃষ্টি করো বলে নির্দেশনা দিচ্ছেন। তাদের ঘরানার ব্যবসায়ীরাসহ অন্যান্য কিছু ব্যবসায়ীও এই বার্তা পেয়ে উৎসাহিত হচ্ছে।' 

ড. হাছান মাহমুদ বলেন, 'দেশে নানা ধরণের পার্টি আছে। রাতের বেলা মানুষ গুম করে এমন একটা পার্টি, মরিচের গুঁড়া মারে সেটা একটা পার্টি, রাতের বেলা মলম মেখে দেয় সেটাও একটা পার্টি। সভাপতি থাকলে সেক্রেটারি নেই সে ধরণের পার্টিও আছে। প্রতিদিন বিএনপি যেসব দলের সাথে বৈঠক করছে, সেসব দল যে দেশে আছে, তা এসব বৈঠকের পরই মানুষ জানতে পারে।' 

'বিএনপি নাকি ডান-বাম সবার ঐক্য প্রতিষ্ঠা করবে' মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, '২০১৮ সালের নির্বাচনের আগে তারা ডান-বাম-অতিডান-অতিবাম সবার ঐক্য করেছিলেন। ঐক্যবদ্ধ নির্বাচনও করেছিলেন। ফলাফল বিএনপির ঘরে মাত্র পাঁচটি আসন। সুতরাং এইবারও সর্বোচ্চ সংখ্যক দলের সাথে মিটিং করেও গতবারের চেয়ে বেশি ভালো ফল হবে বলে জনগণ মনে করেনা।' 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, 'নানা বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। যদি তারা আবার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে তাদের  প্রতিহত করবো। গণমানুষ ও খেটে খাওয়া মানুষের দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সবসময় ছিল, আছে। ঢাক ও চট্টগ্রামে আমাদের আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মীরা মাঠে নেমেছে। বিএনপি-জামাতের সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আমাদের নারী কর্মীরাই যথেষ্ট।'  

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি দিলওয়ারা ইউসুফের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনার সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

ইত্তেফাক/এমএএম