ইত্তেফাকের খোকসা প্রতিনিধি মাসুদ আর নেই

আপডেট : ০৩ জুন ২০২২, ২২:৩৫

কুষ্টিয়ার খোকসা উপজেলার ইত্তেফাক সংবাদদাতা মনিরুল ইসলাম মাসুদ (৪১) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

ইত্তেফাকের পাশাপাশি তিনি স্থানীয় একটি পত্রিকার সংবাদদাতা ছিলেন। ডায়াবেটিস আক্রান্ত মাসুদ শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি দুই যুগের বেশি সময় সাংবাদিকতা পেশায় নিযুক্ত ছিলেন। শনিবার সকাল ১০টায় খোকসা বনগ্রাম ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু গভীর শোক প্রকাশ করেন। এছাড়া সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব ও সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

 

ইত্তেফাক/ইউবি