ফ্রেঞ্চ ওপেন জিতেই উত্থান হয়েছিল ইগা শিওনতেকের। দুই বছর পর আবারও ফ্রেঞ্চ ওপেনে শিরোপার সামনে দাঁড়িয়ে পোল্যান্ডের এই নারী। যে দুর্দান্ত ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তাতে মনে হচ্ছে দ্বিতীয় ফাইনালটাও নিজের করে নেবেন এই শীর্ষ বাছাই। তবে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা কোকো গফ নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না। তাই নারী একক ফাইনালে আজ দেখার বিষয় শিওনতেকের দ্বিতীয় না কি প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঠবে গফের হাতে।
গ্র্যান্ড স্ল্যামে দুই খেলোয়াড়ের এবারই প্রথম দেখা। এটিপি ট্যুরে অবশ্য দুই বারের লড়াইয়ে দুই বারই সফলতা দেখেন শিওনতেক। ২১ বছর বয়সী এই নারী প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। গত ফেব্রুয়ারি থেকে অপরাজিত রয়েছেন টানা ৩৪ ম্যাচ। ২০১৩ সালে এমনই জয়ের ধারা বজায় রেখেছিলেন সেরেনা উইলিয়ামস। আজ জিতলে সেরেনাকেও ছাড়িয়ে যাবেন শিওনতেক।
ক্লে কোর্টে প্রথম রাউন্ড থেকে ফাইনালে আসার আগ পর্যন্ত কেবল একটি ম্যাচই তৃতীয় সেট পর্যন্ত খেলতে হয়েছে র্যাংকিংয়ের শীর্ষ বাছাইকে। বাকি সবগুলো ম্যাচ জিতেছেন সরাসরি সেটে। সেমিফাইনালে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন রাশিয়ার ডারিয়া কাসাতকিনাকে। ফাইনালে ওঠার পর তিনি বলেন, ‘এটা খুবই বিশেষ ও আবেগী মুহূর্ত। এই পর্যায়ে স্বাস্হ্যবান থাকতে পেরে আমি কৃতজ্ঞ।’
নিজের সবশেষ আট ফাইনালের একটিতেও হারেননি শিওনতেক। তার খেলায় দুর্বলতা বের করাটা বেশ কষ্টসাধ্যই হবে র্যাংকিংয়ে ১৮ ধাপ পিছিয়ে থাকা গফের জন্য। ১৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই তরুণী ফ্রেঞ্চ ওপেনে ২০০১ সালে কিম ক্লাইস্টার্সের পর সবচেয়ে কম বয়সী ফাইনালিস্ট। এবারের আসরে কোনো রাউন্ডেই তৃতীয় সেট পর্যন্ত যেতে হয়নি তাকে। দুই সেটেই সব ম্যাচ শেষ করেন তিনি। যদিও এই পথচলায় খুব শক্ত প্রতিপক্ষের দেখা মেলেনি। তবে যেভাবেই হোক ফাইনালে পৌঁছানো তো আর সহজ কাজ নয়। তাই তো সেমিফাইনালে মার্টিনা ত্রেভিসানকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে কিছুটা সময় বাকরুদ্ধ ছিলেন তিনি, ‘আমার মনে হয় আমি কিছুটা ঘোরের মধ্যে আছি এবং জানতাম ম্যাচ শেষে কীভাবে প্রতিক্রিয়া জানাতে। কী অনুভব করছি তা প্রকাশ করার শব্দ আমার কাছে নেই।’
গফের খেলা দেখতে ভালোবাসেন শিওনতেক। আজকের প্রতিপক্ষ ভবিষ্যতে তার চিরপ্রতিদ্বন্দ্বী হবেই বলে মনে করছেন তিনি, ‘গফ দারুণ সম্ভাবনাময়ী এবং আশা করি, সে উন্নতির ধারা বজায় রাখবে। আমার মনে হয়, এই টুর্নামেন্টে সে সঠিক পথেই আছে। আমি তার খেলা দেখতে পছন্দ করি এবং ভবিষ্যতে এটি স্পেশাল রাইভালরি হতে পারে।’
