নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ফেরিঘাটে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, শুক্রবার (৩ জুন) বেলা ১২ টার দিকে র্যাব-১১ এর একটি দল আড়াইহাজার থানা এলাকায় টহল দিচ্ছিল। গোপন সূত্রে খবর আসে বিশনন্দি ফেরিঘাটে মাদক বিক্রির উদ্দেশ্যে কতিপয় লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। দুপুর পৌনে ১ টায় র্যাবের টহল টিম বিশনন্দি ফেরিঘাটে পৌঁছায়। এ সময় র্যাব দেখে কয়েকজন লোক দৌঁড়ে পালানোর সময় ৩ জন ধরা পড়ে। তাদের দেহ ও সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-১১ সদস্যরা। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার কদমতলীর আশিক (২৫), বি-বাড়িয়ার কসবার নোয়াগাঁও এর কাজল (২৪) ও বি-বাড়িয়ার বিজয়নগরের কল্যাণপুরের গাজিউর রহমান (৩৫)।
র্যাব সদস্যরা তল্লাশি করে আশিকের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে বাদামি রঙ এর কসটেপ দিয়ে মোড়ানো একটি গাঁজার বান্ডেল পায়। ওই বান্ডেলে ৬ কেজি গাঁজা মিলেছে। কাজলের কাধে ঝোলানো ট্রাভেল ব্যাগ থেকে বাদামি রঙ এর কসটেপ মোড়ানো ২টি গাঁজার বান্ডেল থেকে মিলে ৪ কেজি গাঁজা। গাজীউর রহমানের ট্রাভেল ব্যাগ থেকে ১টি বান্ডেলে মিলে সাড়ে ৬ কেজি গাঁজা। তিনজনের কাছ থেকে মোট সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দুপুর দেড়টা নাগাদ বিশনন্দি ফেরিঘাটের রিপন স্টোরের সামনে কাঁচা রাস্তার উপর গাঁজা জব্দ করে র্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পেশাদার মাদক বিক্রেতা। দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
এ ব্যাপারে শুক্রবার রাতে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
