দাম বৃদ্ধিতে মন্ত্রী-আমলাদের পেট্রোল কোটা ৪০ শতাংশ কমালো পাকিস্তান

আপডেট : ০৪ জুন ২০২২, ১৪:৩৮

পাকিস্তানে আবারও বেড়েছে জ্বালানি তেলের মূল্য। এবার লিটারপ্রতি ৩০ রুপি বাড়ানো হয়েছে। আর এই মূল্যবৃদ্ধির একদিন পরই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ সরকারি গাড়ির জ্বালানি কোটা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও টিভি নিউজ।

শুক্রবার (৩ জুন) প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের মূল্য প্রতি লিটার ২০৯ দশমিক ৮৬ রুপি ঘোষণা করা হয়। পেট্রোল, ডিজেল এবং লাইট ডিজেল লিটারপ্রতি ৩০ রুপি করে বাড়িয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। আর কেরোসিনের মূল্য লিটারপ্রতি ২৬ দশমিক ৩৮ রুপি বাড়ানো হয়, যা ৩ জুন থেকে কার্যকর হয়েছে। 

জানা যায়, ভোগ্যপণ্যে ভর্তুকি তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে দেশটি আইএমএফ থেকে ঋণ সহায়তা পেতে পারে। কারণ দেশটি অর্থনৈতিক পুরুদ্ধারের জন্য ঋণের জন্য সংস্থাটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আলোচনায় ঋণ পেতে সংস্থাটি শর্ত দিয়েছিল, ভোগ্যপণ্যের ওপর দেওয়া ভর্তুকি তুলে নিতে। 

এর আগে, টিআরটির সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, আগামী ১৫ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগ পর্যন্ত আমার লক্ষ্য হলো মুদ্রাস্ফীতি এবং দারিদ্র মোকাবিলা করা। 

তিনি বলেন, আমার দৃষ্টি হলো পাকিস্তানের পুনর্গঠন। দরিদ্রতা কমিয়ে আনতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং মিতব্যয়িতা নিশ্চিতে সরকারি খাতে বাজেট কমাবো।

ইত্তেফাক/টিআর