গৃহবধূর লাশ গর্ত থেকে টেনে বের করলো কুকুর

আপডেট : ০৪ জুন ২০২২, ১৭:০৩

রংপুরের পীরগাছায় নিখোঁজের তিন দিন পর মিলি আক্তার (৩৪) নামে এক গৃহবধূর তিন টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের বিরাহিম কুটিয়ালপাড়ার একটি পুকুর পাড়ে পৃথক গর্তে পুতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মিলি আক্তার ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী। তাদের ১৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় সৈয়দপুর বাজারে আশা হোটেলে কাজ করতেন মিলি আক্তার। গত বুধবার রাত ১১টা দিকে হোটেল থেকে বাড়ি যাওয়ার পথে মিলি নিখোঁজ হন। এ ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন মিলির বাবা আরশাদ আলী। পরে খোঁজ নিতে থাকেন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায়। কিন্তু কোথাও মিলির সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে শনিবার সকালে মানিক মিয়ার বাড়ির পিছনের একটি পুকুরে গর্ত থেকে লাশের টুকরা টেনে বের করে কুকুর। বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। পরে পুকুর পাড়ে দেখা যায়, পৃথক তিনটি গর্তে মিলির তিন টুকরা লাশের অংশ পুতে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিলি আক্তারের স্বামী মানিক মিয়াকে আটক করেছে পুলিশ।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, নিখোঁজের তিন দিন পর পুতে রাখা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী মানিক মিয়াকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমএএম