লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের মধ্যে এক তরুণীকে (২৩) ধর্ষণের চেষ্টা চালিয়েছে তিন বখাটে। ঐ তরুণীকে বাঁচাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। পরে ভিকটিম তরুণীকে উদ্ধার এবং জননী বাসের হেলপার আজাদ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (৩ জুন) দিবাগত রাত ৯টায় রামগঞ্জের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। নিহত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখিলের নুরুজ্জামানের ছেলে।
সূত্রে জানা যায়, ঘটনার শিকার তরুণী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে জননী নামের একটি বাসে রওনা হলেও ভুলবশত সে রামগঞ্জ বাসস্ট্যান্ডে চলে আসে। এ সময় বাসের চালক ও হেলপারকে জানালে তারা তরুণীকে চট্টগ্রামগামী নিলাচল বাসে বসতে বলে। পরে জননী বাসের হেলপার আজাদ ও স্থানীয় বখাটে যুবক এমরান হোসেনসহ তিন জন দলবদ্ধ হয়ে বাসে অপেক্ষমাণ তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তরুণীর চিৎকার শুনে বাসস্ট্যান্ডের নৈশপ্রহরী শাহজাহান এগিয়ে আসেন। পরে তাদের বাধা দিতে গিয়ে একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
