হবু স্বামীকে গ্রেফতার করা সেই আলোচিত এসআই গ্রেফতার 

আপডেট : ০৫ জুন ২০২২, ১৮:০৫

প্রতারণার অভিযোগে নিজের হবু স্বামীকে গত মে মাসে গ্রেফতার করে খবরের শিরোনামে উঠে আসেন ভারতের আসামের পুলিশের কর্মকর্তা জুনমনি রাভা। কিন্তু সেই রাভাই এবার জালিয়াতির অভিযোগে নিজে গ্রেফতার হয়েছেন।

পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলা পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভা। হবু স্বামীর সঙ্গে জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে দুই দিন জিজ্ঞাসাবাদের পর গতকাল শনিবার তিনি গ্রেফতার হন। 

খবরে বলা হয়েছে, রাভাকে মাজুলি জেলার একটি আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটির পুলিশের এক সূত্র নিশ্চিত করেছে, রাভাকে মাজুলি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। 

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,  দুই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই দুই ঠিকাদার পুলিশের কাছে জানান, তারা রাভার হবু স্বামী রানা পোগাগের সঙ্গে আর্থিক চুক্তি করেছিলেন। জুনমনিই তাদের সঙ্গে রানার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ঠিকাদারদের অভিযোগ রানা তাদের টাকা নিয়ে জালিয়াতি করেন এবং এই ঘটনায় জুনমনিও সমানভাবে যুক্ত ছিলেন। এরপরই পুলিশ জুনমনিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।

ওএনজিসিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক জনের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে ৫ মে রানাকে গ্রেফতার করেন জুনমনি। মাজুলিতে থাকার সময়ই জুনমনির সঙ্গে আলাপ ও প্রেম হয়েছিল রানার। রানা নিজেকে ওএনজিসির জনসংযোগ বিভাগের কর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন।

গত বছর ৮ অক্টোবরে ধুমধাম করে তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়। এর পর নগাঁওতে বদলি হয়ে রানার কুকীর্তির কথা জানতে পারেন বলে জুনমনি দাবি করেছিলেন। রানার ব্যাগ থেকে ওএনজিসির ভুয়ো সিল ও নথিপত্র পেয়ে তাকে গ্রেফতার করেন জুনমনি। রানা বর্তমানে মাজুলি জেলে বন্দি রয়েছেন।

ইত্তেফাক/এসআর