মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো মাগুরা পৌর এলাকার লক্ষীকান্দর গ্রামের বলরাম বসাকের পুত্র কেষ্ট বসাক (৩০), শাম্য বসাক (৫) এবং অপর মোটরসাইকেল আরোহী সোহাগ মোল্লা (৩৫)। নিহত সোহাগ মোল্লা জেলার শালিখার সানি আড়পাড়া গ্রামের ওহাব মোল্লার পুত্র। কেষ্ট বসাক ও শাম্য বসাক সম্পর্কে পিতা-পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাত ৮টার দিকে মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা দরগা নামকস্থানে মোটরসাইকেল ও মাইক্রো সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি কেষ্ট বসাক ও তার শিশু পুত্র শাম্য বসাক নিহত হয়েছে। তারা মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে মাগুরায় আসছিলেন।
অপর দিকে শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর নামকস্থানে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহাগ মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছে। নিহত সোহাগ মোল্লা জেলার শালিখার সানি আড়পাড়া গ্রামের ওহাব মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর নামকস্থানে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহাগ মোল্লা গুরুতর আহত এবং তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
