বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত- “৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগীতা ও উৎসব ২০২২ ইং”- এর উন্মুক্ত বিভাগে পুরষ্কৃত হয়েছে মোঃ আবিদ মল্লিক পরিচালিত ও মোঃ আসাদুজ্জামান সকাল প্রযোজিত চলচ্চিত্র “গায়েব”। “গায়েব” চলচ্চিত্রটি এই প্রতিযোগীতায় তৃতীয় পুরষ্কার অর্জন করেছে।
শুক্রবার (৩ জুন) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্ত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, “চলচ্চিত্র একটি সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দিকে তাকালেই বোঝা যায়। সেই সময় চলচ্চিত্রকেই তারা রাজনৈতিক আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন এবং স্বার্থক হয়েছিলেন। কাজেই চলচ্চিত্র রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের অন্যতম হাতিয়ার।“
বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদ ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আসাদুজ্জামান।
“গায়েব” চলচ্চিত্রটির ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। এতে অভিনয় করেছেন কামরুজ্জামান তপু, মিতু রহমান, মুনতাহা অ্যামেলিয়া প্রমুখ। এটি ছিলো এই চলচ্চিত্রের দ্বিতীয় প্রদর্শনী ও দ্বিতীয় পুরষ্কার।
“গায়েব”-এর প্রথম প্রদর্শনী হয় (৩১ শে মে, ২০২২ ইং) কলকাতা’র “সিনে-পার্বণ শর্ট ফিল্ম কার্ণিভাল ২০২২” এ; যেখানে চলচ্চিত্রটি “বিশেষ জুরি পুরষ্কার” অর্জন করে। চলচ্চিত্রটির প্রযোজক মোঃ আসাদুজ্জামান সকাল সেখানে উপস্থিত থেকে পুরষ্কার গ্রহণ করেন।
