তিতাসে বেড়েছে সব ধরনের শিক্ষাসামগ্রীর দাম

আপডেট : ০৬ জুন ২০২২, ০৫:১৭

কয়েক দিনের ব্যবধানে কুমিল্লার তিতাসে কাগজ, খাতা, কলম, ক্যালকুলেটারসহ বেড়েছে সব ধরনের শিক্ষাসামগ্রীর দাম। ফলে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বাজেটের আগে এক দফা শিক্ষাসামগ্রীর দাম বাড়লেও বাজেট ঘোষণার পর আরেক দফা দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

রবিবার (৫ জুন) উপজেলার বাতাকান্দি, মাছিমপুর, আসমানিয়া ও কড়িকান্দি বাজারগুলোতে শিক্ষা উপকরণের দোকান ঘুরে দেখা যায়, কাগজ, খাতা ও পেন্সিলসহ প্রায় শতাধিক শিক্ষাসামগ্রীর মধ্যে দাম বেড়েছে। এসবের মধ্যে ডজনপ্রতি কলমের দাম বেড়েছে ৫-৮ টাকা। মান ও কোম্পানিভেদে বিভিন্ন ধরনের তৈরি খাতার দাম বেড়েছে পিসপ্রতি ৫-১০ টাকা। অফসেট পেপারের দাম গ্রামভেদে ৪০-৫০ টাকা বেড়েছে। প্রকারভেদে প্রতি রিম খাতার দামও বেড়েছে ৫০-৬০ টাকা।

কড়িকান্দি বাজারের ফটোকপি ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, কাগজের দাম বেড়ে যাওয়ায় ফটোকপি দাম বাড়াতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মোর্শেদ বলেন, শিক্ষাসামগ্রীর মূল্য বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে ছিল না। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে। এটি যদি ব্যবসায়ীদের কারসাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন