কয়েক মাস আগে নানা দাবি-দাওয়া নিয়ে ধর্মঘটে গিয়েছিলেন রেফারিরা। যদিও সেই সময় রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর এমপির আশ্বাসে ধর্মঘট তুলে ঠিকই মাঠে ফিরেছিলেন। কিন্তু তাদের সেই দাবি-দাওয়াগুলো এখনো মেটায়নি বাফুফে। এ নিয়ে আবারও বিদ্রোহের পথে হাঁটছিলেন রেফারিরা। বাফুফেকে চিঠিও পাঠান। সেই চিঠির পর অবশ্য টনক নড়েছে বাফুফের। যথাযথ সিদ্ধান্ত নিতে ১০ দিনের সময় চেয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্হাটি।
গতকাল এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘রেফারিদের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন রেফারিদের দাবি-দাওয়া সংক্রান্ত যে চিঠি দিয়েছে সে বিষয়ে অবগত হয়েছে বাফুফে। বিষয়টি নিয়ে এরই মধ্যে বাফুফের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং এখনো চলমান আছে।’
বাফুফে অঙ্গীকার করেছে, সিনিয়র সহসভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর এমপি ও বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সম্মিলিতভাবে আলোচনা করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে রেফারিদের দাবি-দাওয়া নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন।
