নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ২২ বছর বয়সী এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (৬ জুন) সকাল ১০টায় বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ কলাগাছিয়া ১নং ওয়ার্ডে মেম্বার কচিকে গ্রেফতার করেছে। বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন ও মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত ওই যুবতী একই এলাকার দিনমজুর রওশন জামিল ওরফে বিষু মিয়ার মেয়ে।
জানা গেছে, গত ২ বছর ধরে বন্দর উপজেলার বালিয়াগাও এলাকার মৃত জামির খানের ছেলে নুরুল আমিন একই এলাকার দিনমজুর রওশন জামিল ওরফে বিষু মিয়ার যুবতী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই সর্ম্পকের সূত্র ধরে মধ্যবয়সী লম্পট নুরুল আমিন বিভিন্ন সময়ে যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করে। গত ২২ মে সকাল পৌনে ১১টায় যুবতীর পিতা ও মাতা কাজে যাওয়ার সুবাদে ওই সময় লম্পট নুরুল আমিন যুবতী বাড়িতে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতা লম্পট মধ্যবয়সী ধর্ষক নুরুল আমিনকে বিয়ে করার কথা বললে লম্পট বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় ধর্ষিতার মা মর্জিনা বেগম বাদী হয়ে গত ২ জুন লম্পট নুরুল আমিনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে আত্মহননকারি যুবতী মা মর্জিনা বেগম ও এলাকাবাসী জানান, আমি গৃহপরিচারিকা হিসেবে কাজ করি। আমার স্বামীও দিনমজুর। আমরা কাজে গেলে ওই সুযোগে লম্পট নুরুল আমিন আমার ঘরে আসে। পরে আমার মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকার ধর্ষণ করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে গত ৪ দিন পূর্বে লম্পট নুরুল আমিনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি। থানা মামলা করার জের ধরে লম্পট ধর্ষক নুরুল আমিনের স্ত্রী শ্যামলী বেগম ও একই এলাকার তাওলাদ হোসেনের ছেলে ধর্ষকের ভাগ্নে ও স্থানীয় মসজিদের ইমাম ইব্রাহিম গত রোববার ধর্ষিতা যুবতীর ধর্ষণের ভিডিও ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনায় ধর্ষিতা যুবতী রুপা আক্তার লজ্জা ও ক্ষোভে সোমবার সকাল ১০টায় নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ধর্ষণ মামলা দায়েরের ৪ দিন পর ধর্ষনের ভিডিও ভাইরাল করে দেওয়ায় লজ্জা ও ক্ষোভে ওই যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই যুবতীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ কলাগাছিয়া ১নং ওয়ার্ডে মেম্বার কচিকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে বন্দর থানায় আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে লম্পট ধর্ষক নুরুল আমিন ও অশ্লীল ভিডিও ভাইরালকারি ধর্ষকের স্ত্রী শ্যামলী ও স্থানীয় মসজিদের ইমাম ইব্রাহিম পলাতক রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।
