পদ্মা সেতুতে তিন দিনে ৮২ ল্যাম্পপোস্টে বাতি জ্বালিয়ে সফল ট্রায়াল 

আপডেট : ০৭ জুন ২০২২, ১০:১২

পদ্মা সেতুতে গতকাল সোমবার বিকালে পরীক্ষামূলক আরো ৪০টি বাতি জ্বালানো হয়েছে। সেতুটির ৫ নম্বর মডিউলে ল্যাম্পপোস্টের এই ৪০টি বাতি জ্বালিয়ে সফল ট্রায়াল দেওয়া হয়। আগের দিন রবিবার বিকালে ৩ নম্বর মডিউলে ১৮টি বাতি জ্বালানো হয়েছে। এনিয়ে মোট ৮২টি বাতি জ্বালানো হলো।

পদ্মা (মূল) সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সেতুর সব ল্যাম্পপোস্টে বাতি জ্বালিয়ে ট্রায়ালের কাজ কত দিনের মধ্যে শেষ হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

মাওয়া নর্থ ভায়াডাক্টের রোড মার্কিং

সেতুর রোড মার্কিংয়ের শেষ পর্যায়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মাওয়া নর্থ ভায়াডাক্টের রোড মার্কিং রবিবার সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্ত থেকে সেতুতে প্রবেশের এই অংশটিতে শুক্রবার থেকে রোড মার্কিং চলছিল। মূল সেতুর বাকি থাকা ১ নম্বর মডিউলের মার্কিং গতকাল থেকে শুরু হয়েছে।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, রোড  মার্কিং ও ল্যাম্পপোস্টে বাতি জ্বালিয়ে ট্রায়াল দেওয়াসহ শেষ পর্যায়ের সব কাজ দ্রুত গতিতে সফলভাবে এগিয়ে চলছে।

শরীয়তপুরে উদ্বোধনী অনুষ্ঠান হবে তিন দিন

শরীয়তপুর প্রতিনিধি জানান, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। গতকাল সোমবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্ত্ততি সভায় এসব কথা জানান শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। তিনি জানান, শরীয়তপুর বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হবে। প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। ভিডিও চিত্রে দেখানো হবে পদ্মা সেতুর আদ্যোপান্ত। এরপর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। সেখানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবে। জেলা প্রশাসন পদ্মা সেতু নিয়ে তারুণ্যের ভাবনা নামক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। ঐ দিন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন। রাতে আতশবাজি, ফানুষ ওড়ানো ও লেজার শো উপস্হাপন করা হবে। শহরের সরকারি-বেসরকারি দপ্তরে আলোকসজ্জা করা হবে। শরীয়তপুর শহর থেকে পদ্মা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক সাজানো হবে। 

ইত্তেফাক/কেকে