প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরেছিল ফ্রান্স। গতকাল দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় তারা। এই ম্যাচেও জিততে পারেনি নেশন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়নরা। স্পিলির পলুদ স্টেডিয়ামে ১-১ গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে উভয় দল।
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এখন গ্রুপে তৃতীয় স্থানে ফ্রান্স। আর সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ক্রোয়েশিয়া। তারা গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে। এর আগে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ক্রোয়েটরা।
এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। তাই এই ম্যাচটিকে ঘিরে সবার নজর ছিল। কিন্তু এদিন দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে মাঠে নামাননি ফরাসি কোচ দিদিয়ের দেশম। প্রথম ম্যাচের দল থেকে ১০টি পরিবর্তন এনে একাদশ সাজান তিনি।
৫২ মিনিটে রাবিওঁর গোলে এগিয়ে যায় ফ্রান্স। নির্ধারিত সময় শেষ হওয়ার ৭ মিনিট আগে স্পটকিক থেকে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ক্রামারিক।
দিনের অপর ম্যাচে ভিয়েনায় আর্নেস্ত হ্যাপেল স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেনমার্ক এবং সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। ১ পয়েন্ট নিয়ে তিনে ফ্রান্স ও গোল ব্যবধানে পিছিয়ে চারে ক্রোয়েশিয়া।
