রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবনের সাত তলা থেকে পড়ে মো. জামাল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মেরাদিয়ার আদম আলীরটেক এলাকার আরবান কমপ্লেক্স থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত জামালের সহকর্মী আশরাফুল জানান, আটতলা ভবনের সপ্তম তলার ছাদে রডের কাজ করার সময় অসতর্কতার কারণে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও মেরাদিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসা হয়েছিল। উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আশরাফুল জানায়, সাত তলায় কাজ করার সময় নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি।
