এবার শিশুর কামড়ে সাপের বাচ্চার মৃত্যু!

আপডেট : ০৮ জুন ২০২২, ১৩:২৫

চুয়াডাঙ্গায় 'শিশুর কামড়ে' একটি সাপের বাচ্চা মারা গেছে।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন। 

এক বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে দুইজনেই খাটের নিচে চলে যায়। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিলা খাতুনের দাবি, খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়। তবে সত্যিই সাপটি বিষধর গোখরা ছাপ ছিল কিনা এবং শিশুর কামড়েই সেটি মারা গেছে কিনা, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে যেহেতু শিশুটি ওই সাপের সংস্পর্শে এসেছিল, তাই বিষক্রিয়া হতে পারে ভেবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে, তার অবস্থা আশঙ্কামুক্ত।’

ইত্তেফাক/মাহি