সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ৯ জন নিহত

আপডেট : ০৮ জুন ২০২২, ০১:৩১

দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার ও গত সোমবার সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছে। মঙ্গলবার লাকসামে একটি মাইক্রোবাস দোকানে ঢুকে পড়লে যাত্রীসহ দুই জন নিহত হয়। রূপগঞ্জে ট্রাকের চাপায় এক প্রাইভেটকার আরোহী নিহত হয়েছে। এর আগে সোমবার দিনাজপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

লাকসাম (কুমিল্লা) :লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে চা দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের কর্মচারী ও এক যাত্রী নিহত হয়। নিহতরা হলেন, শিক্ষক জামাল উদ্দিন (৫২) ও দোকান কর্মচারী জাকির হোসেন (৫০)। এ ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার পোলাইয়া নামক স্থানে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেংরারটেক এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় জহির খান (৩৮) নামের এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। গাজীপুরগামী প্রাইভেটকারটিকে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৪৫৫৫) চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত জহির খানের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মৃত মুসলিম খান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক পুলিশ আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।

যশোর অফিস :মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর  নামক স্থানে ভ্যান ও পিকআপের সংঘর্ষে মাহাদি (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় জমজ শিশু মারাত্মক আহত হয়। নিহত মাহাদি চূড়ামনকাটির গোবিলা গ্রামের মৃত নয়েজ উদ্দীনের ছেলে ও আহত দুই শিশু আব্দুলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শামিম (৬) ও তামিম (৬)।

স্টাফ রিপোর্টার, দিনাজপুর :সদর উপজেলার রামডুবি ব্যাংকালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন- আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অজ্ঞাত এক পুরুষ (৩৫)। আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত ১৯ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ব্যাংকালী নামক স্থানে পঞ্চগড় থেকে ঢাকাগামী আহসান পরিবহন নামে দুরপাল্লার একটি দ্রুতগামী নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা ১৭ বন্দি ও দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান। সোমবার সন্ধ্যায় কারাগারের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রিজনভ্যানটি লেন পরিবর্তন করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত হাজতি আতিকুর (২২), অতুল (২৪), মুন্না (২৫), মুরাদ (৪০), রুমিসহ (৪২) পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের বোয়ালখালীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরুন চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়ার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরুন চৌধুরীর পিতার নাম যোগেন্দ্র লাল চৌধুরী। তিনি কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (এফআইডিসি) ইলেকট্রিশিয়ান। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/ ইআ