যশোর শহরে হত্যা মামলার আসামি প্রতিপক্ষের হাতে খুন

আপডেট : ০৮ জুন ২০২২, ০৩:০০

যশোরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে হত্যাসহ সাত মামলার আসামি আশিকুর রহমান অপু (২৭) খুন হয়েছেন। নিহত অপু শহরের অ্যাডভোকেট ফারাজী শাহাদাত হোসেন সড়ক এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।

পুলিশ জানায়, হত্যা মামলার আসামি আশিকুর রহমান অপুকে মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর শহরের অ্যাডভোকেট ফারাজী শাহাদাত হোসেন সড়কের আমিনিয়া আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, অপুর শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা অথবা ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়। সকাল ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ফরিদপুরে পৌঁছালে অপু মারা যান বলে তার সঙ্গে থাকা স্বজনরা পুলিশকে অবহিত করে।

ইত্তেফাক/এমএএম