র্যাঙ্কিংয়ে ব্যবধানটা ৯৯ ধাপ। স্পষ্টভাবেই বলা যায়, এই ম্যাচে ফেভারিট বাহরাইন। তবে বাংলাদেশ হারার আগে হারতে রাজি নয়। র্যাঙ্কিংয়ে ব্যবধান যত হয় হোক, শেষ মাঠেই বোঝা যাবে কার কত দম। এশিয়ান কাপ বাছাইপর্বে তাই শুরুটা ইতিবাচকভাবেই করার আশায় জামাল ভুঁইয়ার দল। মালয়েশিয়ার জাতীয় স্টেডিয়ামে বাহরাইনকে রুখে দিয়ে উপহার দিতে চায় চমক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে।
বাহরাইন বাংলাদেশের জন্য অচেনা প্রতিপক্ষই বলা যায়। এর আগে কেবল একবারই দেখা হয়েছে। ৪৩ বছর আগের সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল বাহরাইন। আজ হয়তো বাংলাদেশকে গোলের মালা পরানোর লক্ষ্যেই নামবে। এশিয়ান কাপে যেখানে এক বার খেলেছে বাংলাদেশ, সেখানে বাহরাইন খেলেছে ছয় বার। শেষ পাঁচ আসরে তো তারা নিয়মিত মুখ। সে হিসাবে গ্রুপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ তারা। তবে বাংলাদেশ চায় নিজেদের দিকে মনোযোগ দিতে। রক্ষণে জোর দিতে ৪-১-৪-১ ফরমেশনে পরিকল্পনা সাজাবেন কাবরেরা।
কোচ হাভিয়ের কাবরেরা সেই মন্ত্রই জপে দিচ্ছেন। গতকাল সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ বলেন, ‘এখন আমাদের ভাবা উচিত নিজেদের নিয়ে, পরিকল্পনাগুলোর উন্নতি করা নিয়ে এবং এটাই আমাদের বাছাইয়ের দলগুলোর বিপক্ষে ভালো লড়াইয়ের সুযোগ করে দেবে। বাহরাইনের বিপক্ষে আমরা একই পরিকল্পনা নিয়ে খেলব (ইন্দোনেশিয়ার বিপক্ষে যেমনটা ছিল)। দলের কাছে আমি ভালো পারফরম্যান্স চাই।’
কিছুদিন আগে ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদেরই মাঠে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সেটা দেশের ফুটবল সমর্থকের কাছে অনেকটা সারপ্রাইজই ছিল। একই একাদশ নিয়ে বাহরাইন ম্যাচে আবারও সারপ্রাইজ দিতে যান অধিনায়ক জামাল, ‘আমার মনে হয়, অন্য দলগুলো বাংলাদেশকে সহজ লক্ষ্য হিসেবে নিচ্ছে। কিন্তু আমি মনে করি, খেলোয়াড়দের মাথায় ভিন্ন কিছু আছে। আশা করি, আমরা বিস্ময় উপহার দিতে পারব। আমরা জানি, আগামীকাল (আজ) বড় ম্যাচ হতে যাচ্ছে। বাহরাইন ম্যাচের জন্য আমরা ভালোভাবে প্রস্ত্তত। অবশ্যই আমাদের কিছু ঘাটতি আছে, সব দলেরই ঘাটতি আছে, বিষয়গুলো নিয়ে আমরা প্রধান কোচের সঙ্গে আলোচনা করেছি। সব মিলিয়ে আমি আত্মবিশ্বাসী, যদি আমাদের গেম প্ল্যান ভালোভাবে যায়, তাহলে এই ম্যাচ থেকে আমরা কিছু বের করে আনতে পারব।’
বাংলাদেশের অনুপ্রেরণা এখন ইন্দোনেশিয়া। কিন্তু বাহরাইনের বিপক্ষে দারুণ কিছু করতে হলে সেই ম্যাচ ভুলে গিয়ে নামতে হবে বলে জানালেন কাবরেরা, ‘ইন্দোনেশিয়াও র্যাঙ্কিংয়ে আমাদের ওপরে ছিল (তাদের বিপক্ষে ড্র করেছি), তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের বিপক্ষে আমরা কী করেছিলাম, সেটা ভুলে যাওয়া। ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে খুব বেশি ভাবা আমাদের জন্য ঠিক হবে না।’
