আমাদের বাস্তবতা মানতে হবে: উমরান মালিককে নিয়ে দ্রাবিড়

আপডেট : ০৮ জুন ২০২২, ১৩:৩০

আইপিএলে গতির ঝড় তুলে ভারতীয় দলে ডাক পেয়েছেন জম্মু-কাশ্মিরের পেস সেনসেশন উমরান মালিক। এবারের আসরে ১৪ ম্যাচ খেলে ২১ উইকেট শিকার করেছেন, যা ভারতের পেসারদের মধ্যে সর্বাধিক। পুরস্কারও পেলেন হাতেনাতে। ঘরের মাঠে আগামীকাল ৯ জুন, থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন এই তরুণ।

তবে প্রথম ম্যাচে একাদশে সুযোগ নাও পেতে পারেন উমরান। এমনটাই ইঙ্গিত দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। বলেছেন, বাস্তবতা মেনে নিতে হবে। মূলত দলের কম্বিনেশনের কথাই বুঝিয়েছেন তিনি। অভিজ্ঞ ভুবেনেশ্বর কুমার ও তরুণ তারকা হার্শাল প্যাটেল দারুণ ফর্মে আছেন। তাদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আভিশ খান রয়েছে। এরই মধ্যে জাতীয় দলের হয়ে যে কয়টি ম্যাচ খেলেছেন, তাতে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন এই পেসার।

এর বাইরে উমরানের মতো প্রথমবার দলে ডাক পেয়েছেন আর্শদীপ সিংহ। অভিষেকের অপেক্ষায় থাকা দুই তরুণকে নিয়েই আশার কথা শুনিয়েছেন দ্রাবিড়। উমরান মালিক প্রসঙ্গে ভারতের কোচ বলেন, ‘নেটে উমরানকে প্রতিদিনই দেখছি, তার গতি রয়েছে। সে তরুণ এবং সবসময় শিখছে। সে প্রতিটি মুহূর্তে উন্নতি করছে। যত বেশি  ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই আরও ভালো করবে।’

তিনি আরও বলেন, ‘আমার দিক থেকে বলবো, তার মতো এমন একজনকে দলে পেয়ে আমি খুবই খুশি। এখন দেখার বিষয় আমরা তাকে কতগুলো ম্যাচ খেলার সুযোগ দিতে পারি। একই সঙ্গে আমাদের বাস্তবতাও মেনে নিতে হবে। আমাদের অনেক বড় স্কোয়াড। সবাইকে একাদশে সুযোগ দেওয়া সম্ভব নয়।’

ইত্তেফাক/টিএ