খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই’র সাবেক পরিদর্শক মাসুদ কারাগারে

আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:৫৩

খুলনায় আলোচিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদ্য বরখাস্তকৃত পরিদর্শক মঞ্জরুল হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৮ জুন) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মাসুদ আদালতে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করা হয়।

আদালত সূত্র জানায়, মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় ১৪ দিনের অন্তর্বর্তী জামিন লাভ করেন। বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। এ দিন দুপুরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অলোকা নন্দা দাস বরখাস্তকৃত পিবিআই পরিদর্শক মঞ্জরুল হাসান মাসুদকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য গত ১৫ মে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। এ ঘটনার পর ঐ দিন দুপুরে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, কলেজছাত্রী ঐ মেয়েটি ঘটনার দিন পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় সমাধানের জন্য আসেন। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ঐ অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঐ দিন রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমআর