চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তাদের দুই সন্তানের বক্তব্য রেকর্ড করতে হবে শিশু আইন অনুযায়ী। মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাগুরার সমাজসেবা কার্যালয়ে গিয়ে তাদের বক্তব্য রেকর্ড করবেন। বক্তব্য রেকর্ডের সময় শুধু শিশুদের দাদা, একজন নারী পুলিশ সদস্য ও সমাজসেবা কর্মকর্তা উপস্থিত থাকতে পারবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার (৮ জুন) এ আদেশ দেন।
আদালত বলেছে, তদন্তকারী কর্মকর্তার ধার্যকৃত দিনে শিশুদের সময়মতো সমাজসেবা কার্যালয়ে অবশ্যই হাজির করবেন তাদের দাদা। সেখানে শিশুদের দাদা ছাড়া চাচা বা পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত থাকতে পারবেন না। শিশুদের হাজির করার ক্ষেত্রে কোনোরূপ গড়িমসি বা টালবাহানা করা চলবে না। বিবৃতি রেকর্ডের পূর্বে শিশুদের আলাদাভাবে সমাজসেবা কর্মকর্তার কাছে রাখতে হবে। বিবৃতি রেকর্ডের বিষয়টি তিন দিন পূর্বে সংশ্লিষ্টদের অবহিত করবেন তদন্ত কর্মকর্তা। বক্তব্য রেকর্ডের সময় শিশুরা যে কোনো ধরনের মানসিক চাপ অনুভব না করে সেদিকে দৃষ্টি রাখতে বলেছে আদালত। এই আদেশ প্রতিপালনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ২৬ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করতে তদন্ত কর্মকর্তাকে বলেছে হাইকোর্ট।
আদেশে হাইকোর্ট বলেছে, ২০১৬ সালের ৫ জুন মিতু হত্যাকাণ্ড সংঘটিত হয়। এটা একটা বর্বরোচিত হত্যাকাণ্ড। মামলা দায়েরের পর ইতিমধ্যে ছয় বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ রিপোর্ট দাখিল হয়নি। আমরা (হাইকোর্ট) বলতে বাধ্য হচ্ছি যে, মামলা জটের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে তদন্তে বিলম্ব। এক্ষেত্রে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই বলার নাই।
মিতু ও বাবুলের দুই সন্তান রয়েছে দাদা ও চাচার কাছে। মামলার তদন্ত কর্মকর্তা দুই সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য নিম্ন আদালতের অনুমতি পেয়েছেন। ঐ দুই শিশুকে যেন শিশু আইনের বিধান মেনে জিজ্ঞাসাবাদ করা হয় সেই বিষয়ে হাইকোর্টে আবেদন করেছেন বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ ও ভাই হাবিবুর রহমান লাবু। আবেদনের পক্ষে আইনজীবী শিশির মনির ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী শুনানি করেন। শুনানি শেষে গতকাল হাইকোর্ট ঐ আদেশ দেয়।
আদেশের পর মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক ইত্তেফাককে বলেন, হাইকোর্ট যেভাবে নির্দেশনা প্রদান করেছে সে অনুযায়ী শিশুদের বক্তব্য রেকর্ড করা হবে।

