নারায়ণগঞ্জ শহরে খুব সহজেই যানজটের কবল থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া যেতে পরে। নাসিক ও প্রশাসন যৌথ উদ্যেগ নিয়ে কঠোরভাবে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলে এই যানজট অনেকটাই কমে আসবে বলে বিশেষজ্ঞরা বলছেন।
নারায়ণগঞ্জ শহরে প্রধান চারটি সড়ক। এখন বঙ্গবন্ধু সড়কটি ছাড়া বাকি তিনটি সড়ক হকার কিংবা অবৈধ দখলদারদের কবলে। যে কারণে এসব সড়কে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। নিউ মেট্রো সিনেমা থেকে ১ নম্বর রেল গেট ফলপট্টি পর্যন্ত সড়কের সিংহভাগ হকারদের দখলে। তাছাড়া দীর্ঘ আন্দোলনের ফসল মীর জুমলা সড়কটি দখল করে সেখানে বাজার বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শায়েস্তাখান সড়কটিরও একই অবস্থা। এ অবস্থায় মীর জুমলা সড়ক, শায়েস্তা খান সড়ক ও সিরাজদ্দৌলাহ সড়কটি অবৈধ দখলদারমুক্ত করতে পারলে শহরের যানজট অনেকটাই কমে আসবে।
সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার কালিবাজারের সিরাজদ্দৌলা সড়কের কালিরবাজার মোড় থেকে ১ নম্বর রেলগেট মোড় পর্যন্ত ফলপট্টি সড়কে গেলেই যেন থমকে যায় যানবাহন। এ সড়কে যেন চলেই না গাড়ি। সড়কের একপাশ যেন পুরোটাই দখলে রেখেছে অস্থায়ী হকাররা, আর ফুটপাতে বসেছে নানা দোকান। তবে এখানে উচ্ছেদ কিংবা সড়ক ফাঁকা করতে কোনো উদ্যোগ নেই।
