সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া

আপডেট : ০৯ জুন ২০২২, ০৫:২৩

উত্তর কোরিয়া যে কোনো মুহূর্তে সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে মার্কিন এক কর্মকর্তা হুঁশিয়ার করেছেন। যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়াবিষয়ক বিশেষ দূত সাং কিম গতকাল এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত রবিবার পিয়ংইয়ং রেকর্ড আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এ সতর্কবার্তার কথা বললেন তিনি।

এ ব্যাপারে মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সাংবাদিকদের বলেন, এ ধরনের কোনো পারমাণবিক পরীক্ষার ‘দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়া’ দেখানো হবে। বিগত পাঁচ বছরে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া। তবে কোরীয় উপত্যকায় উত্তেজনা বেড়েছে। 

এদিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূত সাং কিম জানান, উত্তর কোরিয়া এই বছর নজিরবিহীন পরিমাণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সালে দেশটি রেকর্ড ভাঙা ২৫টি পরীক্ষা চালালেও এ বছর চালিয়েছে ৩১টি। ‘আর এটা তো কেবল জুন মাস’। 

সাং কিম বলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তারা যেসব বক্তব্য ব্যবহার করছেন, তাতে কৌশলগত কিংবা ছোট আকারের পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ইচ্ছার ইঙ্গিত মিলেছে। পরবর্তী ধাপের পরীক্ষা কোন সময়ে হতে পারে জানতে চাইলে সাং কিম বলেন, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সিউলে দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সাংবাদিকদের বলেছিলেন, এ ধরনের যে কোনো পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পূর্ণ লঙ্ঘন হবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি শুধু আরওকে (দক্ষিণ কোরিয়া), যুক্তরাষ্ট্র এবং জাপান নয়, সমগ্র বিশ্ব একটি শক্তিশালী এবং স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানাবে।’ তবে যুক্তরাষ্ট্রের বক্তব্যের কোনো পালটা প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।

ইত্তেফাক/ ইআ