ভারতে প্রথমবারের মতো নিজেকেই বিয়ে করলেন যে তরুণী

আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:৩৪

কোনো পাত্রের সঙ্গে বিয়ে করার ইচ্ছে নেই। তবে কনে সাজার সাধ আছে ষোলো আনা। তাহলে কী করে হবে ইচ্ছেপূরণ। ভারতের গুজরাটের ২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দু তার এই ‘সমস্যা’র একটি সমাধান খুঁজে পেয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ জুন) নিজেকে বিয়ে করেছেন তিনি। ঘরোয়াভাবে অনেকটা গোপনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার বিয়েতে কোনো পুরোহিত উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ১১ জুন বিয়ের কথা ছিল। ক্ষমা বিন্দু বলেছিলেন, তিনি সমস্ত আচার-অনুষ্ঠান মেনে একটি মন্দিরে বিয়ে করবেন। কিন্তু স্থানীয় বিজেপি নেতা সুনিতা শুক্লার প্রতিরোধের সম্মুখীন হন। তিনি বলেন, মন্দিরে বিয়ের অনুমতি দেওয়া হবে না। কারণ হিন্দু ধর্মে নিজেকে বিয়ে করা অনুমোদিত নয়। এরপরেই বুধবার ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়।

এমন ‘নিজগামী’ সম্পর্ক গুজরাট আগে দেখেনি। অন্তত তেমন কোনো রেকর্ড পাওযা যাচ্ছে না। তবে ক্ষমা জানিয়েছেন, সম্ভবত ভারতেও এমন ‘নিজগামিতা’ আগে কখনও হয়নি। অনেক তথ্য ঘেঁটেও তিনি ভারতে এমন কোনো নারী পাননি যিনি নিজেকেই নিজে বিয়ে করেছেন। 

কিন্তু নিজেকে বিয়ে করার কথা মাথায় এল কী ভাবে? প্রশ্নের জবাবে ক্ষমার পাল্টা প্রশ্ন, ‘‘আমরা নিজেরা নিজেদের ভালবাসতে পারি, আর বিয়ে করতে পারি না?’’ 

ক্ষমা জানিয়েছেন, তিনি নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসেন। আর তার সেই ভালবাসা জাহির করতে কোনো লজ্জা নেই।

ক্ষমার যুক্তি, ‘‘বিয়ে দু’টি মানুষের ভালবেসে একসঙ্গে থাকার কথা বলে। আমি যদি নিজেকে ভালবাসি তা হলে নিজেকে বিয়ে করতে আপত্তি কোথায়?’’ 

কিন্তু সুখ-দুঃখে পরস্পরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার! নিজগামী বিয়েতে কি সেই প্রতিশ্রুতি পালন করা সম্ভব? ক্ষমা জানিয়েছেন, ‘‘বিয়ের দিন আমি নিজেকে নিঃশর্ত ভালবাসার অঙ্গীকার করবো, আমি যেমন সেভাবে নিজেকে মেনে নেওয়ার অঙ্গীকার করবো। এমনকি, প্রয়োজনে নিজের পাশে থাকারও অঙ্গীকার করবো।’’ 

ক্ষমার প্রশ্ন, বিয়েতে আর কি চাওয়ার থাকতে পারে!

ক্ষমা জানিয়েছেন, তার এই একা-বিয়েতে সম্পূর্ণ সমর্থন রয়েছে তার বাবা-মায়ের। তারা দু’জনেই খোলা মনের মানুষ। তবে গুজরাটের কনে জানিয়েছেন, তার এই নিজগামিতার আরও একটি লক্ষ্য রয়েছে। তিনি প্রমাণ করতে চান, মেয়েরা পুরুষের ওপর নির্ভরশীল নন। তারা স্বয়ংসম্পূর্ণ।

তবে তিনি উত্তেজিত বিয়ের পরের কথা ভেবে। বিয়ের পর দু’সপ্তাহের মধুচন্দ্রিমায় নিজের সঙ্গে গোয়ায় ঘুরতে যাবেন তিনি। সেই ক’দিনের পরিকল্পনা নিয়েই আপাতত ক্ষমা মশগুল।

ইত্তেফাক/টিআর