আসন্ন ২০২২-২৩ অর্থবছরের জাতীয় ৫১তম প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টা থেকে জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট।
এবার বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বেশ কিছু ওয়েবসাইটে এসব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল আপলোড করা হবে। সেখান থেকে এসব দলিল পাঠ ও ডাউনলোড করা যাবে। এছাড়া ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।
আসন্ন বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারের বাজেটে অগ্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে এবারের বাজেট প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন ও উদ্ভুত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। তাই এবারের বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতকে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইটে www.mof.gov.bd বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল আপলোড করা হবে। সেখান থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব দলিল পাঠ ও ডাউনলোড করতে পারবেন। এছাড়া দেশ-বিদেশ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। এখানে প্রাপ্ত সব মতামত ও সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা হবে।
যেসব ওয়েবসাইটে বাজেটের তথ্য পাওয়া যাবে সেগুলো হলো-
- https://nbr.gov.bd
- https://plandiv.gov.bd
- https://imed.gov.bd
- https://www.dpp.gov.bd
- https://pmo.gov.bd
অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার বিকেল ৩টায় ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
