শিবগঞ্জে আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলো- উপজেলার চককীর্তি ইউনিয়নের আখিরা আমনগাড়ী বাগান পাড়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নাল আলির ছেলে খাইরুল ইসলাম (৫০) এবং মনাকষা ইউনিয়নের সাতরাশিয়া গ্রামের এরফান আলির স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের আমনগাড়ী বাগান ও মনাকষা সাত রশিয়া এলাকায় পৃথক ঘটনা ঘটে।
চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, সকালে হঠাৎ ঝড়বৃষ্টির সময় মেরিনা ও খাইরুল ইসলাম বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহিণী।
এদিকে মনাকষা ইউপি সদস্য শাহারুল জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান সেমিয়ারা। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারদের মাঝে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

