পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জানান, তিনি আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের ইতিহাসে বিশাল বিক্ষোভ করার দিন চূড়ান্ত করবেন। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইমরান খান বলেন, 'সত্যিকারের স্বাধীনতার জন্য আমাদের 'অভিযানে' সর্বাত্মকভাবে যেতে হবে। আমি আগামী কয়েকদিনের মধ্যে তারিখ নির্ধারণ করবো।'
ইসলামাবাদে পিটিআইয়ের ন্যাশনাল কাউন্সিল বৈঠকে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার দল আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে তবে দলের কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এটা পাকিস্তানের ইতিহাসে বিশাল বিক্ষোভ হবে। এটি আমাদের অধিকার।
ইমরান খান বলেন, আমি সব দলীয় সংগঠনকে প্রস্তুত থাকতে বলেছি। আমরা সুপ্রিম কোর্ট থেকে 'সবকিছুর আদেশ' পাওয়ার জন্য অপেক্ষা করছি। যত তাড়াতাড়ি তা হবে আমি তারিখ ঘোষণা দেবো।
গদি হারানোর পর থেকে বেশ কয়েকটি সমাবেশ করেছেন ইমরান খান। প্রতিটি সমাবেশে ইমরান খান অভিযোগ করেছেন, বিদেশি ষড়যন্ত্র তাকে হটিয়েছে এবং আমদানি করা সরকার বসিয়েছে।
সম্প্রতি এক র্যালিতে ইমরান খান বলেন, সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তান ভেঙে তিন টুকরো হতে পারে।
