খুলনায় ৪০ এফডিআর জালিয়াতির হোতা কারাগারে

আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:২৯

ফিক্সড ডিপোজিট রিসিপ্টের (এফডিআর) ভুয়া কাগজপত্র দিয়ে জনতা ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় জালিয়াত চক্রের হোতা তৌহিদুর রহমান বাবু ওরফে তানজির মাসফু বাবুকে জেলে পাঠিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের দায়েরকৃত মামলায় তিনি গত বুধবার আত্মসমর্পণ করলে খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন। প্রতারক তৌহিদ ১৩টি নাম ব্যবহার করে ৪০ টি এফডিআর জালিয়াতির করে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবুর রহমান এসব তথ্য দিয়ে জানান, খুলনা অক্সিজেন কোম্পানির কর্ণধার তৌহিদুর রহমান বাবু ওরফে তানজু ববি ওরফে তানজু মাসফি ববি ওরফে তানজির মাসুদ ওরফে তৌহিদ মাহমুদ এবি ব্যাংক ধানমণ্ডি শাখার এফডিআর লিয়েন দেখিয়ে জনতা ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা ঋণ নেন। 

এফডিআরের কাগজপত্র ভুয়া ধরা পড়ার পর ২০০৬ সালের ৭ ডিসেম্বর দুদক খুলনা থানায় মামলা দায়ের করে। এ মামলায় ববিসহ ৭ জনের নামে চার্জশিট দেওয়া হয়। অন্য আসামিরা হলেন, তার মামা নজরুল ইসলাম, মামি শর্বরী ইসলাম, এস এম আমিরুল হক, এইচ এম বারিক বাদল, জিল্লুর রহমান ও সুবোধ কুমার দে।  

এবি ব্যাংক ঢাকার এভিপি ও লোন অফিসার এবং খুলনা শাখার এজিএম ও লোন অফিসার যোগসাজশে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছে বলে সূত্রে জানা গেছে।

ইত্তেফাক/এমএএম