সরকারি কর্মচারী-সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালুর পদক্ষেপ

আপডেট : ০৯ জুন ২০২২, ১৮:০৪

সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

তিনি বলেন, বিমা সেবাকে জীবনমুখী ও আপদ মোকাবিলার হাতিয়ার হিসেবে ব্যবহার করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। দারিদ্র্য বিমোচনে শস্য বিমা, গবাদি পশু বিমা, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শস্য বিমা চালু ও এর ব্যাপক প্রসারের জন্য সরকার উৎসাহ দিচ্ছে।

এছাড়া বিমার দাবি আদায় বিড়ম্বনা মুক্ত করার লক্ষ্যে বিমা খাতকে সম্পূর্ণ অটোমেশন করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমার আওতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা ও জাতীয় সঞ্চয়ে অবদান রাখার ব্যবস্থা করা হবে।

ইত্তেফাক/এসজেড