পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর কমছে 

আপডেট : ০৯ জুন ২০২২, ১৮:১৫

২০২২-২৩ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। 

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা বলেন, পাবলিকলি ট্রেডেড বা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বর্তমানে সাড়ে ২২ শতাংশ। এটি কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। আর তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করা হয়েছে, সেসব কোম্পানির কর হার ২২.৫০ শতাংশ থেকে কমিয়ে বাজেটে ২০ শতাংশ করা হয়েছে। এই কর ছাড়ের সুবিধা নেওয়ার ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত আরোপ করা হয়েছে। এক্ষেত্রে সব আয় ব্যাংকের মাধ্যমে এবং ১২ লাখ টাকার উপরে ব্যয় ও বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে করতে হবে।

এছাড়া তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা তার কম শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করা হয়েছে, সেসব কোম্পানির কর হার অপরিবর্তিত বা ২২.৫০ শতাংশ থাকবে।

অর্থমন্ত্রী বলেন, তালিকাভুক্ত যেসব কোম্পানি তাদের মোট ইস্যুকৃত শেয়ারের ১০ শতাংশের কম আইপিও মাধ্যমে বাজারে ছেড়েছে, সেসব কোম্পানিকে আগামী অর্থবছরেও ২২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হবে ২৫ শতাংশ হারে।

 

ইত্তেফাক/ইউবি