কম দামি সিগারেটের ব্যবহার বাড়বে: প্রজ্ঞা

আপডেট : ০৯ জুন ২০২২, ২০:১৮

তরুণ ও নিম্ন আয়ের জনগণের মধ্যে কম দামি সিগারেটের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়বে বলে আশঙ্কা করছে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা।

বৃহস্পতিবার (৯ জুন) বাজেট পেশ করার পর গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ মূল্যায়ন করে প্রজ্ঞা।

প্রজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সিগারেট বাজারের ৭৫ শতাংশই নিম্ন স্তরের দখলে, যার প্রধান ভোক্তা মূলত দরিদ্র ও তরুণ জনগোষ্ঠী। অন্যদিকে সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ অপরিবর্তিত রেখে কেবল খুচরা মূল্য ১ টাকা বাড়ানোর কারণে বর্ধিত মূল্যের একটা অংশ কোম্পানির পকেটে চলে যাবে।  প্রস্তাবিত বাজেটে কম দামের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য মাত্র ১ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেট কার্যকর হলে এই স্তরে সিগারেটের দাম বাড়বে মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ। ফলে তরুণ ও নিম্ন আয়ের জনগণের মধ্যে কম দামি সিগারেটের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিড়ি, জর্দা ও গুলের দাম এবং করহার অপরিবর্তিত রাখা হয়েছে, জনস্বাস্থ্যের বিবেচনায় যা অত্যন্ত হতাশাজনক। বিড়ির প্রধান ভোক্তা নিম্ন আয়ের দরিদ্র মানুষ।  

 

 

 

ইত্তেফাক/ইউবি