আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। চলতি অর্থবছরে প্রত্যাশা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ (কালো টাকা সাদা করা) বিনিয়োগ না করায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব করছি। সরকার গত বছর পুঁজিবাজারে এক বছর বিনিয়োগ রাখার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল।
একই সঙ্গে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল, যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবেন তাদের কাছে অর্থের উত্স সম্পর্কে জানতে চাওয়া হবে না। কিন্তু এরপরও প্রত্যাশা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়নি।
