সময়ের ব্যবধানটা দিন-রাতের। বাংলাদেশে যখন সন্ধ্যা ক্যারিবিয়ানে তখন সকাল। গতকাল মুঠোফোনে বাংলাদেশের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবালকে যখন পাওয়া গেল, তখনো গভীর ঘুমে বিছানায় তিনি। তারপরও এই প্রতিবেদকের খুদে বার্তাগুলোর উত্তর দিয়েছেন তিনি।
এবার কয়েক গ্রুপে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে বাংলাদেশ দল। আগে পৌঁছে যাওয়া ক্রিকেটাররা অ্যান্টিগায় ফিটনেসের কাজ করেই সময় কাটিয়েছেন। ব্যাটে-বলের ঝংকারে মেতে ওঠার সুযোগ পাননি। গতকালই প্রথম বার দলগত অনুশীলনে নেমেছে টাইগাররা।
টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল অ্যান্টিগা থেকে এ তথ্য জানিয়েছেন। গতকাল তিনি বলেন, ‘আমাদের আজকে (গতকাল) থেকে স্কিলসের প্রথম ট্রেনিং হবে। প্রথম গ্রুপে যারা এসেছিল তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ব্যস্ত ছিল যেমন জিম, সুইমিং, রানিং, এসব কাজ করেছে। ট্রেনার তাদেরকে প্রোগ্রাম দিয়েছিল, সেটাই তারা অনুসরণ করেছে। আজ (গতকাল) থেকে আনুষ্ঠানিক অনুশীলনে নামছে দল।’ এদিকে ১১ জুন দলে যোগ দিবেন অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম নেট সেশনটা এবাদত, রেজাউর রহমান রাজাদের জন্য স্বস্তির অনুষঙ্গই হওয়ার কথা। কারণ ক্যারিবিয়ানে এসে ব্যাট-বলের সংস্পর্শে আসা হয়নি তাদের। প্রথম দলীয় অনুশীলনের পর আজ থেকেই প্রস্ত্ততি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজের মূল লড়াইয়ে নামার আগে ম্যাচের আবহে নিজেদের পরখ করার সুযোগ মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তদের সামনে।
অ্যান্টিগায় প্রস্ত্ততি ম্যাচ তিন দিনের, প্রতিপক্ষ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। ইতিমধ্যে সেই দলটাও ঘোষণা করেছে স্বাগতিকরা। দলে রাখা হয়েছে টেস্ট দল থেকে বাদ পড়া রোস্টন চেইজ ও জোমেল ওয়ারিকানকে। আছেন টেস্টের রিজার্ভে থাকা ত্যাগনারায়ণ চন্দরপল। স্হানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে প্রস্ত্ততি ম্যাচটি।
আজ থেকে শুরু হতে চলা ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। অন্তত কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। মূল লড়াইয়ে নামার আগে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে পারবেন।
আগামী ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রস্ত্ততি ম্যাচ চলবে ১২ জুন পর্যন্ত। তারপর প্রথম টেস্টের আগে টানা তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। পরে দুই দল তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে। ডমিনিকায় হবে প্রথম দুটি টি-২০, পরে তৃতীয় টি-২০ ও তিনটি ওয়ানডে গায়ানায় অনুষ্ঠিত হবে।
প্রস্ত্ততি ম্যাচের সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশ :
ইয়ানিক ক্যারিহ (অধিনায়ক), কলিন আরকিবাদ, অ্যালিক আথানাজে, ত্যাগনারায়ণ চন্দরপল, ব্রায়ান চালর্স, রোস্টন চেইজ, তেভিন ইমলাক, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসোয়েন, মারকুইনো মাইন্ডলে, জেরেমি সলোজানো ও জোমেল ওয়ারিকান।
