ইউক্রেনের জন্য আরও দেড়শ’ কোটি ডলার অনুমোদনের ঘোষণা বিশ্ব ব্যাংকের

আপডেট : ১০ জুন ২০২২, ১০:০৫

বিশ্ব ব্যাংক ইউক্রেনের জন্য আরও দেড়শ’ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে। এ নিয়ে পরিকল্পিত মোট সাহায্যের পরিমাণ ৪০০ কোটি ডলার ছাড়ালো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং দেশটির অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। এ যুদ্ধের কারণে বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে ও শস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং সরকার বিভিন্ন বিল পরিশোধের ক্ষমতা।

এ পর্যন্ত প্রায় ২০০ কোটি ডলার সরবরাহ করা হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়, নতুন এসব অর্থ সরকারের বেতনভাতা, সামাজিক কর্ম ও উন্নয়ন খাতের ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা হবে।

ব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মলপাস এক বিবৃতিতে বলেন, বিশ্ব ব্যাংক চলমান যুদ্ধ মোকাবেলায় ইউক্রেন ও দেশটির জনগণকে অব্যাহতভাবে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন, ‘ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়া সচল রাখতে আমরা দাতা দেশগুলোর সাথে কাজ করে যাচ্ছি।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেছেন, দেশটির কার্যক্রম অব্যাহত রাখতে প্রতি মাসে তার সরকারের মোট ৭০০ কোটি ডলার সাহায্য প্রয়োজন।

ইত্তেফাক/টিআর