ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা চলবে।
বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে এক হাজার ৮৫১টি আসন রয়েছে। এবার এ ইউনিটে সারাদেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১২ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৬২ জন। প্রতিযোগীর সংখ্যার দিক থেকে আসনপ্রতি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে এই ইউনিটে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।
আগামী ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং আগামী ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
