সেনাপ্রধানের সভাপতিত্বে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা

আপডেট : ১০ জুন ২০২২, ১৩:৪৮

ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ৩য় সভা বৃহস্পতিবার (৯) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমসে ৭টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যগণ আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম গমন এবং ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশ্যে বার্মিংহাম ত্যাগ করবে।

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিতব্য ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যগণ আগামী ৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে কোনিয়া গমন এবং ১২ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশ্যে কোনিয়া ত্যাগ করবে।

২০২২ সালের অক্টোবর/নভেম্বর মাস হতে আরম্ভ করে ২০২৩ সালের ফেব্রুয়ারি/ মার্চ মাসে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম বিবেচনা করে সুবিধাজনক সময়ে 'শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস' ঢাকায় আয়োজন এবং এ উপলক্ষে একটি ষ্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে অলিম্পিক ডে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সভায় নিম্নোক্তভাবে আরও ৯টি উপ-কমিটি গঠন করা হয়: (১) স্পোর্টস এন্ড এনভায়রনমেন্ট উপ-কমিটি (২) উইমেন কমিশন (৩) স্পোর্টস ফর অল উপ-কমিটি (৪) ফেডারেশন কো অর্ডিনেশন উপ-কমিটি (৫) এ্যাথলেটস উপ-কমিটি (৬) আইনও নীতি উপ-কমিটি (৭) ডিসিপ্লিন উপ-কমিটি (৮) মার্কেটিং, স্পনসর, কালচার এন্ড অলিম্পিক হেরিটেজ উপ-কমিটি এবং (৯) ইন্টারন্যাশনাল রিলেশন উপ-কমিটি।

গত ২৪ মার্চ অনুষ্ঠিত বিওএ-র কার্যনিবাহী কমিটির সভায় নিম্নোক্ত ৬টি উপ-কমিটি গঠন করা হয়
(১) ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কমিটি, (২) ফাইন্যান্স, অডিট, প্লানিং ও বাজেট উপ-কমিটি, (৩) সলিডারিটি কমিটি, (৪) ইনফরমেশন এন্ড মিডিয়া কমিটি, (৫) প্রশাসন ও ক্রয় কমিটি এবং (৬) মেডিক্যাল এন্ড এন্টি ডোপিং কমিটি।

মাল্টি গেমস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্যাটাগরিতে বিওএ কার্যনিবাহী কমিটির সদস্য পদ শূন্য হওয়ায় ওই ২টি সদস্য পদে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ১৬তম সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান গত ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

ইত্তেফাক/কেকে