সারাদেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
শুক্রবার (১০ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নেত্রকোনায় ৭৭, মাইজদীকোর্টে ৬৯, কক্সবাজার ৬৫, ফরিদপুর ৬৪, কুমিল্লা ৬২, ময়মনসিংহ ৫৯, পটুয়াখালী ৪৫ ও ডিমলায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
