মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (১০ জুন) দুপুরে পাঁচবিবি থানা পুলিশ ৮০০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পাঁচবিবি থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আটক মাদক ব্যবসায়ী হচ্ছে হরিলাল চৌরধারী (৫৭)। সে স্থানীয় শিরট্টি গ্রামের বিশ্বনাথের ছেলে। পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি গ্রামের হরিলালের বাড়িতে চোলাইমদ বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় সোহেল রানার নেতৃত্বে পাঁচবিবি থানা পুলিশের সদস্যরা। এ সময় ৮০০ লিটার চোলাইমদসহ হরিলাল কে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অপর এক অভিযানে পাঁচবিবি থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান নাকুরগাছী গ্রাম থেকে এক কেজি শুকনা গাঁজাসহ চপল কুমার মাহাত (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় গাঁজাবহন করা হিরো একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
উভয় ঘটনায় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
